চলচ্চিত্র দিয়ে অভিনয় জগতে পা রাখলেও গত কয়েক বছরে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তমা মির্জা। ওটিটি ও বড় পর্দায় ধারাবাহিক ভালো কাজের মাধ্যমে তিনি এখন পরিচালক-প্রযোজকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে রায়হান রাফীর পরিচালনায় একাধিক ওটিটি প্রজেক্ট এবং ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে আফরান নিশোর বিপরীতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ শিহাব শাহিনের ‘দাগি’তেও নিশোর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন।
তবে তমা এখন শুধু মানসম্মত কাজে মনোযোগ দিচ্ছেন। অনেক প্রস্তাব এলেও সব সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন আবারও আফরান নিশোর সঙ্গে।
এবার পরিচালক ভিকি জাহেদ, যিনি ছোট পর্দা ও ওটিটিতে পরিচিত। ছবির নাম ‘খলনায়ক’। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।
ছবিটি নিয়ে তমা মির্জা বলেন, বেশি কিছু বলতে চাই না। তবে একেবারে নতুন গল্পে নির্মাণ হচ্ছে ছবিটি। তাতে একটি চ্যালেঞ্জিং চরিত্রেই আমাকে দেখা যাবে। আমি এই কাজটি নিয়ে দারুণ আশাবাদী।




















































































































































































































































