জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পরই আত্মসমর্পণ করে নতুন করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। আজ বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রাহমান এই জামিন মঞ্জুর করেন।
পরীমনির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী শুনানি করেন। একই আদালত গতকাল বুধবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
বুধবার মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। পরীমণি আদালতে হাজির হতে না পারায় আসামিপক্ষ সময়ের আবেদন করে। আবেদনে বলা হয়, এলার্জিজনিত কারণে তিনি অসুস্থ। বাদীপক্ষ জামিন বাতিল চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত সময়ের আবেদন নাকচ করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন এই মামলা করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। ২০২৩ সালের ১৮ মার্চ পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন প্রতিবেদন দিয়ে বলেন, পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
১৮ এপ্রিল আদালত দুই আসামিকে ২৫ জুন হাজির হতে সমন জারি করে। ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তারা। গত বছরের ২৬ জানুয়ারি তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুনাইদ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সেদিন পরীমণি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরের দিনই আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
আরও পড়ুন: ‘ঠিকানা’ সিনেমা নিয়ে আইনি জটিলতায় শরিফুল রাজ
এরপর ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন দায়ের করেন পরীমণি। গত বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান সেই রিভিশন খারিজ করে দিয়ে মামলা চলতে কোনো বাধা নেই বলে আদেশ দেন।
একদিনের ব্যবধানে জামিন বাতিল ও পুনরায় জামিন পাওয়ার এই ঘটনায় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।





















































































































































































































































