তানিন সুবহা-newsedge24

ঢাকাই চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২ জুন) তানিন হঠাৎ অসুস্থবোধ করলে তাকে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত বনশ্রীর ফরাজী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আইসিইউতে রাখা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তানিনের ভাই রমিম এবং মা তাসলিমা গণমাধ্যমকে জানান, তানিন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং একাধিকবার বমি করার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তানিনের মা তাসলিমা বলেন, “হঠাৎ বুকে ব্যথা শুরু হয়, এরপর বমি করতে থাকে। দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থা ভালো ছিল না। এখন আইসিইউতে আছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহা দুই যুগ ধরে বাংলাদেশের শোবিজ অঙ্গনে কাজ করছেন। তিনি মিডিয়াতে পা রাখেন আজাদ কালাম পরিচালিত নাটক ‘যমজ’-এ মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’-সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি তানিন চলচ্চিত্রেও কাজ করেছেন। ২০১৫ সালে ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন। এছাড়া তিনি ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ এবং ‘তুই আমার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তানিন সুবহার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা তার স্বাস্থ্যের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে, তার অবস্থা এখনও স্থিতিশীল নয়। শোবিজ অঙ্গন এবং ভক্তরা তার সুস্থতার জন্য দোয়া করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *