বলিউডের জনপ্রিয় দম্পতি আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ তাদের রসায়ন ও পারস্পরিক বোঝাপড়ার জন্য ভক্তদের কাছে প্রিয়। তবে তাদের দাম্পত্য জীবনের শুরুতে আর্থিক সংকটের কারণে বেশ কঠিন সময় পার করতে হয়েছে। সম্প্রতি ‘দ্য অফিশিয়াল পিপল অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তাহিরা সেই কঠিন দিনগুলোর কথা তুলে ধরেছেন।
২০০৮ সালে বিয়ের পর আয়ুষ্মান তখনো প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন না। তাহিরার রোজগারে সংসার চলত, কিন্তু একপর্যায়ে তিনিও বেকার হয়ে পড়েন। তখন তাহিরার সঞ্চয় ভেঙে সংসার চালানো হতো, যা শেষ পর্যন্ত ফুরিয়ে যায়। তাহিরা জানান, “আমার ব্যাংকের সঞ্চয় আস্তে আস্তে শেষ হয়ে যায়। খুব খারাপ পরিস্থিতি দেখতে হয় আমাদের। আমি কখনো কারও কাছে টাকা চাইনি, এমনকি বাবা-মায়ের কাছ থেকেও না।”
একটি ঘটনার কথা উল্লেখ করে তাহিরা বলেন, একদিন আয়ুষ্মান তাকে জিজ্ঞেস করেন কেন তিনি আম কিনে আনেননি। এতে তাহিরা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “তুমি কি ভেবে দেখেছ, বাজারের জিনিস কীভাবে আসছে? আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। সাত-আট মাস ধরে শুধু আমার সঞ্চয় দিয়ে সংসার চলছে।” এই ঘটনায় আয়ুষ্মান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন এবং তাহিরাকে জিজ্ঞেস করেন কেন তিনি আগে কিছু বলেননি। তাহিরা উত্তর দেন, তিনি কখনো কারও কাছে টাকা চাইতে পারেন না।
এই সংকটের মধ্যে আয়ুষ্মান ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ধীরে ধীরে বলিউডে প্রতিষ্ঠা পান, বিশেষ করে ২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে। এই সিনেমা তাকে রাতারাতি তারকা বানায় এবং তাদের আর্থিক সংকট কাটতে শুরু করে।
আয়ুষ্মান ও তাহিরা স্কুলজীবন থেকে বন্ধু ছিলেন। তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং ২০০৮ সালে তারা বিয়ে করেন। তাদের দুই সন্তান—ছেলে বিরাজবীর ও মেয়ে ভারুস্কা। তাহিরা নিজেও একজন পরিচালক ও প্রযোজক হিসেবে বলিউডে কাজ করছেন।













































































































































































































































