বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা, যিনি ২০০২ সালের ইন্ডিয়ান পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’র মাধ্যমে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেছিলেন, মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। শুক্রবার (২৭ জুন, ২০২৫) মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করার পর তাঁকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মুম্বইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।
শেফালির মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদযন্ত্র বিকল হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। মুম্বই পুলিশ এবং ফরেনসিক দল তাঁর আন্ধেরি পশ্চিমের বাসভবনে তদন্ত শুরু করেছে, যদিও এখনও কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি।
শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওতে তাঁর নৃত্য ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি প্রায় ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ২০০৪ সালে তিনি সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ চলচ্চিত্রে একটি ক্যামিও চরিত্রে বলিউডে অভিষেক করেন। তিনি ২০১৮ সালে আল্ট বালাজির ওয়েব সিরিজ ‘বেবি কাম না’-এ মুখ্য চরিত্রে এবং ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে পুনরায় আলোচনায় আসেন।
শেফালির ব্যক্তিগত জীবনও ছিল উত্থান-পতনের। ২০০৪ সালে তিনি সঙ্গীত পরিচালক হরমিত সিংকে বিয়ে করেন, কিন্তু ২০০৯ সালে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ বিবাহবিচ্ছেদ ঘটে। পরে ২০১৪ সালে তিনি অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন। এই দম্পতি ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ একসঙ্গে অংশ নিয়েছিলেন। সম্প্রতি তারা একটি শিশুকন্যাকে দত্তক নেওয়ার পরিকল্পনা করছিলেন।
শেফালি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকে তিনি মৃগী রোগে ভুগছিলেন, যা তাঁর জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। যোগাভ্যাসের মাধ্যমে তিনি এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করেছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপন সত্ত্বেও তাঁর এই অকাল মৃত্যু ভক্ত ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া ফেলেছে।
শেফালির স্বামী পরাগ ত্যাগী ও তাঁর পরিবার শোকাহত। বলিউড তারকা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘উজ্জ্বল, নির্ভীক ও প্রেরণাদায়ী’ হিসেবে স্মরণ করছেন। অভিনেতা আলি গনি ইনস্টাগ্রামে লিখেছেন, “শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর শুনে হতবাক ও দুঃখিত। জীবন খুবই অপ্রত্যাশিত।”
সুত্র- আনন্দবাজার অনলাইন













































































































































































































































