জয়া আহসান অভিনীত এবং অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত বাংলা সিনেমা ‘ডিয়ার মা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় বক্স অফিসে রেকর্ড গড়েছে। মাত্র তিন দিনে প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র প্রথম দিনেই ১১,১০০ ডলার আয় করেছে। এর আগে কলকাতার কোনো বাংলা সিনেমা এত অল্প সময়ে এমন আয় করতে পারেনি।
সিনেমাটির বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “একটি ভালো গল্পের ছবি সবসময় দর্শকদের মন জয় করে। ‘ডিয়ার মা’ দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি। এটাই অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। বাংলা ভাষার যেকোনো ছবির সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়।”
জয়া আহসান বলেন, “অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তার ছবিগুলো পারিবারিক ও মনস্তাত্বিক। ‘ডিয়ার মা’ পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি। সব ছবির ক্ষেত্রে এ কথা বলা যায় না, এটাই এই ছবির বিশেষত্ব।”
বায়োস্কপ ফিল্মসের রাজ হামিদ জানান, প্রথম সপ্তাহে ছবিটি অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও পরের সপ্তাহে এই সংখ্যা আরও বাড়বে।
আরও পড়ুন: বড় ঘোষণার ইঙ্গিত দিলেন শাকিব খান
প্রায় দশ বছর পর বাংলা সিনেমায় ফিরে অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মাণ করেছেন ‘ডিয়ার মা’। এতে জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়, নন্দিকা দাসসহ অনেকে অভিনয় করেছেন।













































































































































































































































