জনপ্রিয় ভোজপুরি গায়িকা দেবী স্বামী ছাড়াই সন্তানের মা হয়েছেন, একজন সিঙ্গেল মা হিসেবে নতুন জীবন শুরু করেছেন তিনি। মঙ্গলবার ভারতের এআইআইএমএস, রিশিকেশ-এ তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে গর্ভধারণের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্তান প্রসবের জন্য দেবী সার্জারি করিয়েছেন এবং বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।
দেবীর আত্মীয়দের বরাতে জানা গেছে, তিনি জার্মানির একটি স্পার্ম ব্যাংকের মাধ্যমে গর্ভধারণ করেছেন। সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে দেবী লিখেছেন, “এটা আমার সন্তান।” দেবীর পিতা প্রমোদ কুমার বলেন, “আমার মেয়ে জার্মানির স্পার্ম ব্যাংকের সাহায্যে গর্ভবতী হয়েছে। সে সাত বছর আগে এই চেষ্টা করেছিল, কিন্তু তখন সফল হয়নি। এবার সে সফল হয়েছে।”
আরও পড়ুন: বিজয়-রশ্মিকার বাগদানের জল্পনা!
‘সুরের মালিকা’ হিসেবে খ্যাত দেবী বিহারের ছাপড়া জেলার বাসিন্দা। তিনি সেখানে প্রাথমিক শিক্ষা ও সঙ্গীত প্রশিক্ষণ সম্পন্ন করেন। ভোজপুরি লোকগানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘পিয়া গইলে কালকতা এ সাজনি’, ‘কুয়ে কা ঠান্ডা পানি’, ‘পারওয়াল বেচে জাইব ভোলপুর’, ‘গোরি চোরি-চোরি’, ‘পরদেশিয়া-পরদেশিয়া’, ‘পিয়া বাঁশিয়া বাজায় আধ্য রাতিয়া’, ‘দিল তুঝে পুকারে আজা’ এবং ‘আঙ্গুরি মেইন দুছলে বিয়া নাগিনিয়া’।













































































































































































































































