জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি প্রায় পাঁচ বছরের দীর্ঘ আড়াল ভেঙে অবশেষে প্রকাশ্যে এসেছেন। হঠাৎ করেই লাইমলাইট থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি, যা জন্ম দিয়েছিল নানা গুঞ্জনের। শোনা গিয়েছিল, পপি বিয়ে করেছেন এবং মা হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আড়াল ভেঙে সামনে আসার পর জানা যায়, এই গুঞ্জনগুলো মিথ্যা ছিল না, সবই ছিল সত্যি।
প্রকাশ্যে আসার পরই পপি তার মা ও ভাইবোনদের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের অভিযোগ তোলেন। এই বিষয়টি নিয়ে তিনি একটি ফেসবুক লাইভেও এসেছিলেন। এরপর আবার আড়ালে চলে যান।
সম্প্রতি, নিজের জন্মদিনে পপি গণমাধ্যমের সামনে আসেন এবং কথা বলেন। এ সময় তিনি তার কারণে আটকে থাকা অসমাপ্ত সিনেমাগুলোর জন্য নির্মাতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পপি বলেন, “দুটি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য আমি মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।”
আরও পড়ুন: পরীমনি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন
তিনি আরও যোগ করেন, “ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, কারো ক্ষতি করিনি। ইচ্ছে আছে, যদি সুযোগ মেলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।”













































































































































































































































