স্টেজে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান খান বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।” এই কথায় উপস্থিত দর্শকরা আবেগে ভেসে যান, অনেকের চোখে অশ্রু ঝরে। বাংলাদেশের প্রিয় গায়ক, অভিনেতা ও উপস্থাপক তাহসান খানের মেলবোর্নে অনুষ্ঠিত সাম্প্রতিক কনসার্টে আবেগময় ঘোষণা ভক্তদের মনে ঝড় তুলেছে। তিনি জানিয়েছেন, তিনি ধীরে ধীরে তার সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন।
তাহসান ব্যাখ্যা করেন, তার মেয়ে বড় হচ্ছে, আর এই পর্যায়ে তিনি পরিবারকে বেশি সময় দিতে চান। তিনি বলেন, “এখন কি দাঁড়ি রেখে স্টেজে লাফালাফি করতে ভালো লাগে? জীবনের এই সময়ে পরিবারের পাশে থাকাটাই জরুরি।”
তিনি সোশ্যাল মিডিয়া থেকেও সরে এসেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করেছেন, যা ভক্তরা যাচাই করে সত্য বলে পেয়েছেন। যদিও তিনি ‘অবসর’ শব্দটি ব্যবহার করেননি, তবু তার বক্তব্য থেকে বোঝা যায়, সংগীত জগতে নিয়মিত উপস্থিতি আর থাকবে না। তিনি হয়তো নির্বাচিত কিছু কাজ করবেন, কিন্তু নিয়মিত কনসার্ট বা নতুন গানের সম্ভাবনা কম।
দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক, চলচ্চিত্র এবং উপস্থাপনার মাধ্যমে তাহসান মানুষের হৃদয়ে অমলিন জায়গা করে নিয়েছেন। ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তার সংগীত যাত্রা শুরু হয়, যা পরে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। ২০০৪ সাল থেকে অভিনয়ে প্রবেশ করে তিনি ১০০-এর বেশি টেলিফিল্ম ও চলচ্চিত্রে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর উপস্থাপক হিসেবেও দর্শকদের মুগ্ধ করেছেন।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু
অস্ট্রেলিয়া সফরে তাহসান তার সংগীত জীবনের ২৫ বছর উদযাপন করছিলেন। সফরটি শুরু হয় অ্যাডিলাইডে (৬ সেপ্টেম্বর), এরপর ব্রিসবেন (৭ সেপ্টেম্বর), সিডনি (১৩ সেপ্টেম্বর), মেলবোর্ন (২০ সেপ্টেম্বর) এবং শেষ হবে পার্থে (২৭ সেপ্টেম্বর)। মেলবোর্নের কনসার্টে তার এই ঘোষণা ভক্তদের জন্য ছিল অপ্রত্যাশিত ধাক্কা। তাহসানের এই বিদায়ী ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না, তবে তার অবদানের জন্য তারা চিরকৃতজ্ঞ।













































































































































































































































