ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ এনেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। আজ মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজমুদার রিংকু পরিচালিত একটি নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অথৈ। ফেসবুকে লাইভে এসে তিনি বিস্তারিত অভিযোগ তুলে ধরেন, যা বিনোদন অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
সামিয়া অথৈ লাইভে বলেন, “গতকাল প্রথম দিনের শুটিং ছিল। আমি তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। আমি কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে গিয়ে তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে দেন। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চান—কেন এভাবে মারা হলো? আমি বলি, এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম, তখন তিশা আপু ফোন করে থ্রেট দিয়েছিলেন যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারব না।”
তিনি আরও বলেন, “শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ কি তিনি পুষে রেখেছেন জানি না।”
আজকের ঘটনা বর্ণনা করে অথৈ বলেন, “শেষ সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। টেকনিক্যালি আস্তে করে গালে হাত লাগিয়েছি। কিন্তু তিনি সিনের মধ্যেই আমাকে জোরে জোরে মেরেছেন। আমার চোখ ফুলে গেছে, কথা বলতে সমস্যা হচ্ছে। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “কারণ জানতে চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। গতকালও এমন খারাপ আচরণ করেছেন। তিনি ৪০ থেকে ৫০ মিনিট বাথরুমে ছিলেন। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচরণ করেছেন। নেশা করেন কি না জানি না। অভিনয়শিল্পী সংঘকে জানাবো বলতেই তিনি বলেন—‘ভাইরাল হতে চাও?’ একজন সিনিয়র শিল্পী হিসেবে এটা আশা করিনি।”
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে আবার অর্থ আত্মসাতের অভিযোগ
এদিকে তানজিন তিশার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে শুটিং ইউনিটের কয়েকজন সদস্য জানিয়েছেন, ঘটনার পর পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং শুটিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অভিনয়শিল্পী সংঘের সভাপতি জায়েদ খান বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দুই পক্ষের বক্তব্য নেওয়া হবে। কোনো অন্যায় হলে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।”













































































































































































































































