শামীম হাসান সরকার-newsedge24

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার হঠাৎ বিতর্কের মুখে পড়েছেন। তার সহশিল্পী অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে ধর্ষণের হুমকি, মাদক সেবন এবং গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ এনে বিনোদন অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে শামীম এই অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি প্রিয়াঙ্কার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন, শুটিং সেটে শামীম তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন, মাদক সেবন করেছেন এবং তার গায়ে হাত তুলেছেন। এই অভিযোগ গত সন্ধ্যা থেকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জবাবে শামীম বলেন, “আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশু থেকে নতুন লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসে তিনি রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি রাগ করে বলেছি, রিলস বানাতে হলে বাইরে করো, শুটিং সেটে এসব চলবে না। এটুকুই ঘটনা।”

মাদক সেবনের অভিযোগ প্রসঙ্গে শামীম বলেন, “এটি আরও গুরুতর অভিযোগ। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিসিটিভি রয়েছে। যে কেউ চাইলে ফুটেজ দেখতে পারেন। কেউ যদি প্রমাণ করতে পারে, আমি মিডিয়া ছেড়ে দেব।” গায়ে হাত তোলার অভিযোগও তিনি উড়িয়ে দিয়ে বলেন, “আমার ১০ বছরের ক্যারিয়ারে কখনো কারো ওপর হাত তুলিনি। আমার বাসায় মা-বোন আছে, সম্প্রতি বিয়ে করেছি। এমন অভিযোগ একেবারেই মিথ্যা।”

শামীম জানান, প্রিয়াঙ্কার এই অভিযোগের পেছনে উদ্দেশ্য রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, “একটি মিথ্যা অভিযোগ আমার ওপর এসেছে। এর ব্যবস্থা নিতেই হবে। আমি আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেব।” তিনি আরও বলেন, এই ঘটনা তার সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টা এবং তিনি এটি মেনে নেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *