৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার রেড কার্পেট উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তার প্রথম দিনের মাইকেল সিনকোর ডিজাইন করা পিকক-থিমযুক্ত গাউনটি অনেকের নজর কেড়েছে। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তার এই লুকের সঙ্গে ঐশ্বরিয়া রায় বচ্চনের ২০১৮ সালের কানের পিকক-থিমযুক্ত গাউনের তুলনা টেনেছেন। কেউ কেউ উর্বশীকে ‘শূন্য ক্যারিশমার ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ করেছেন। এই সমালোচনার জবাবে উর্বশী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইনস্টাগ্রামে একটি পোস্টে উর্বশী লিখেছেন, “তাহলে আমি নাকি ‘শূন্য ক্যারিশমার ঐশ্বরিয়া রায়’ হতে চাইছি? প্রিয়জন… ঐশ্বরিয়া আইকনিক। কিন্তু আমি এখানে কারও নকল করতে আসিনি। আমি নিজেই ব্লু প্রিন্ট। কান আমাকে আমন্ত্রণ জানিয়েছে আলাদা হয়ে ওঠার জন্য, মিশে যাওয়ার জন্য নয়। আমার চেহারা, স্টাইল বা আত্মবিশ্বাস যদি আপনাকে অস্বস্তিতে ফেলে… তাহলে দু-একটা গভীর শ্বাস নিন। আমি সবার পছন্দের নই – আমি ফায়ারওয়ার্কস-সহ শ্যাম্পেনের মতো। আর ক্যারিশমা? প্রিয়, যদি তা মাপা যেত, আমি সেই স্কেল ভেঙে ফেলতাম।” তিনি তার পোস্টে #TooMuchCharismaToHandle, #CannesWithConfidence, #NotYourCopyPaste, #QueenEnergy হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।













































































































































































































































