সাবেক সংবাদ উপস্থাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজধানীতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (৮ জুন) বিকালে নিউ ইস্কাটনের বাসায় পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ রাজু জানান, মরদেহের সুরতহালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে। তিনি বলেন, “তার নাক দিয়ে সাদা ফেনা বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।
সাফিনা আহমেদ তরী তার মা ও ছোট বোনের সঙ্গে নিউ ইস্কাটনে বসবাস করতেন। তিনি ছিলেন পরিবারের দুই বোনের মধ্যে বড়। তরীর মা গণমাধ্যমকে জানান, “হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমরা তাকে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
সাফিনা আহমেদ তরী পেশাগত জীবনে চ্যানেল ২৪ এবং আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। তার এই রহস্যজনক মৃত্যু সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তরীর মৃত্যুর কারণ এবং পেছনের পরিস্থিতি জানতে পুলিশ বিভিন্ন দিক পরীক্ষা করছে।













































































































































































































































