অনুরাগ বসুর পরিচালনায় আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’তে একটি আধুনিক, শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা আলী খান। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য রায় কাপুর। গত বুধবার এক সাক্ষাৎকারে সারা ছবিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং নিয়ে খোলাখুলি কথা বলেছেন।
সারা বলেন, “আমার চরিত্রের লুক থেকে শুরু করে সবকিছু বাসুদা (অনুরাগ বসু)-র ভাবনায় তৈরি। এই চরিত্র গ্ল্যামারাস নয়, বরং বাস্তবিক এবং সহজ-সরল। এমন শহুরে মেয়ের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি।” অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে আমি ওনার ছবির প্রেমে পড়েছিলাম। এখন নিজে ‘মেট্রো’তে অভিনয় করছি—এ যেন স্বপ্নপূরণ। আমি ওনার বড় ভক্ত এবং সবসময় তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বাসু স্যারের নায়িকা।”
আদিত্য রায় কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সারা বলেন, “আদিত্য মানুষ হিসেবে সহজ-সরল এবং সহ-অভিনেতাদের স্বাচ্ছন্দ্যে রাখতে জানেন। অভিনেতা হিসেবে তিনি অত্যন্ত সাবলীল। তাঁর সঙ্গে কাজ করতে দারুণ লেগেছে।” ছবির গান ও ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং সারা-আদিত্যের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং প্রসঙ্গে সারা বলেন, “এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। আমি যা-ই করি, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না। তবে আমার মা এসব পড়ে কষ্ট পান, তখন আমার খারাপ লাগে। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।”
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবিটি বক্স অফিসে সাফল্য এবং সমালোচকদের প্রশংসা পেয়েছিল। এর সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ আগামী ৪ জুলাই মুক্তি পাবে। এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামাটিতে সারা ও আদিত্য ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলী ফজল ও ফাতিমা সানা শেখ। সংগীত পরিচালনা করেছেন প্রীতম, এবং ছবিতে রয়েছে অরিজিৎ সিংয়ের গান। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর চারটি ভিন্ন শহরের প্রেমকাহিনি নিয়ে নির্মিত এই ছবি।













































































































































































































































