তৌসিফ মাহবুব-newsedge24

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার বড় পর্দায় পা রাখার স্বপ্ন দেখছেন। র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখা এই অভিনেতা তার অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। একাধিক জনপ্রিয় নাটক উপহার দেওয়া তৌসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন।

তৌসিফ বলেন, “আমি সামনে ছবি করতে চাই। বড় কাজ করতে হলে নিজেকে ধীরে ধীরে তৈরি করতে হবে। একটা কাজের পেছনে অনেকদিন সময় দিলে কাজগুলো অন্যরকম হয়। এবার আমার নাটকগুলোর জন্য ১৩ থেকে ১৪ দিন সময় দিয়েছি, যেখানে সাধারণত আমার নাটক করতে ৭ থেকে ১০ দিন লাগে।” তিনি আরও যোগ করেন, “আমি আমার কাজে পরিবর্তন আনার চেষ্টা করছি। একেকটা কাজে বেশি সময় ও ডিটেইল নিয়ে কাজ করছি। বড়াই করে বলতে পারি, আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি।”

আরও পড়ুন: অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন জোভান

তৌসিফ মাহবুব ২০১৩ সালে রাজিবের পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। এরপর থেকে তার অভিনয়ে ধারাবাহিকতা ও বৈচিত্র্য দর্শকদের মুগ্ধ করেছে। বড় পর্দায় কাজের প্রস্তুতি হিসেবে তিনি আরও বেশি সময় ও শ্রম দিয়ে নিজেকে প্রস্তুত করছেন বলে জানান।

তৌসিফের এই নতুন উদ্যোগ তার ভক্তদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তার বড় পর্দায় অভিষেক কীভাবে দর্শকদের মন জয় করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *