রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে নোবেল উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। তার সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে পৌঁছানোর পর নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকার করেন এবং উদ্ভট কথাবার্তা ও গালাগালি শুরু করেন। এ নিয়ে উবার চালক আকবর হোসেনের সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে উত্তেজিত হয়ে নোবেল চালককে মারধর করেন।
ঘটনাটি দেখে আশপাশের লোকজন জড়ো হন এবং নোবেল জনতার ক্ষোভের মুখে পড়েন। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নোবেল, উবার চালক এবং ভাড়ায় চালিত গাড়িটি আটক করে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
আরও পড়ুন: কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করলেন গায়ক নোবেল
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শোনার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, মাইনুল আহসান নোবেল এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালে কুড়িগ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণের জন্য দর্শকদের ক্ষোভের মুখে পড়েন। এছাড়া, ২০২৫ সালের মে মাসে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।













































































































































































































































