ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি সামাজিক মাধ্যমে বিমানে বসে থাকা একটি ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করেছেন। তার প্রায় দুই সপ্তাহ পর, গত বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে চিত্রনায়িকা শবনম বুবলীও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। শাকিব নিজেই শেহজাদ ও বুবলীর আমেরিকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিব বলেন, “শেহজাদ ও তার মা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো। সব সময় কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেয়া হয় না, এবার চেষ্টা করবো শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।” তিনি আরও বলেন, “শেহজাদকেও সেভাবে সময় দেবো, যেমনটা এর আগে আব্রাহামকেও দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।”
আরও পড়ুন: শবনম বুবলী এবার ভিন্ন রুপে
জানা গেছে, বুবলী ও শেহজাদ কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। বুবলী শেহজাদের জন্মস্থান সংক্রান্ত কিছু কাগজপত্র হালনাগাদ করার কাজ সম্পন্ন করবেন। শাকিবের গ্রিন কার্ড থাকায় তাকে প্রতি বছর নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে থাকতে হয়। তিনি আগস্টের শেষ দিকে দেশে ফিরবেন বলে জানা গেছে।













































































































































































































































