গত রোববার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে ক্যারিয়ারে প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয় তাকে এই সম্মান এনে দিয়েছে। পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ অভিষেক এই অর্জন উৎসর্গ করেছেন স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে। মঞ্চ থেকে তিনি বলেন, “ঐশ্বরিয়া আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।”
অভিষেক তাঁর বাবা অমিতাভ বচ্চনকেও স্মরণ করতে ভোলেননি। তিনি বাবা এবং মেয়ে আরাধ্যাকে আলাদাভাবে ধন্যবাদ জানান, যাদের প্রেরণা তাঁকে এই উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছে। সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ ছবিটি বাবা-মেয়ের সম্পর্কের এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে নির্মিত। এই ছবিতে অভিষেক একজন অসুস্থ বাবার চরিত্রে অভিনয় করেছেন, যিনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে চান। ছবির গল্পে বাবা-মেয়ের পুনর্মিলন এবং তাদের একে অপরের সঙ্গে জড়িয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুগ্ধ করেছে দর্শকদের।
অভিষেকের তুখোড় অভিনয় এবং গল্পের সংবেদনশীল উপস্থাপনা তাকে ফিল্মফেয়ারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার এনে দিয়েছে। ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।













































































































































































































































