পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতাল থেকে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রীকে অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে।
তার হঠাৎ অসুস্থ হওয়ার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। হাসপাতালে শুয়ে থাকার ছবি দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করছেন এবং প্রার্থনা জানিয়ে হ্যাশট্যাগ ও পোস্ট ট্রেন্ডিংয়ে উঠেছে। পাকিস্তানি ও আন্তর্জাতিক ফ্যান মহলে “Get Well Soon Hania” এবং “Pray for Hania” হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত হানিয়া বা তার ম্যানেজমেন্ট দলের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত-অনুরাগীদের অপেক্ষার অবসান হচ্ছে না।
আরও পড়ুন: ‘আমি আমার দেশকে আর চিনতে পারছি না’: অ্যাঞ্জেলিনা জোলি
হানিয়া আমির ইনস্টাগ্রামে ১৯ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে পাকিস্তানের সবচেয়ে বেশি অনুসরণ করা তারকাদের মধ্যে অন্যতম। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই তার ব্যক্তিগত জীবন, ফটোশুট এবং ভ্রমণের অভিজ্ঞতা ভক্তদের সাথে ভাগ করে নেন। এই ঘটনা তার জনপ্রিয়তার প্রমাণও দিচ্ছে, যাতে ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।













































































































































































































































