প্রার্থনা ফারদিন দীঘি এখন শোবিজের আলোচিত মুখ। এ বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর কিছুটা নিশ্চুপ থাকলেও ‘বিদায়’ সিনেমা নিয়ে ফিরছেন তিনি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে এই সিনেমার শুটিং, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে কিছু দৃশ্য ধারণ করা হবে। এতে দীঘির সহশিল্পী জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীঘি বলেন, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি—অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।” নায়িকা হিসেবে পর্দায় আসার পর বহু সমালোচনার মুখোমুখি হওয়া দীঘি জানান, এই সমালোচনা তাকে দৃঢ় করেছে এবং শিল্পী হিসেবে গড়ে উঠতে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
আরও পড়ুন: নিশো ও পূজা চেরির সিনেমা ‘দম’ আসছে ঈদুল ফিতরে
‘বিদায়’ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে শাকিব খানের ‘বরবাদ’ পরিচালনা করেছেন। সিনেমাটি প্রযোজনা করছেন শাহরিন আক্তার।













































































































































































































































