সালমান-খান-আনমোল-বিষ্ণোই-newsedge24

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে হামলার মামলায় অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। যুক্তরাষ্ট্র থেকে প্রত্যার্পণের পর গত বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে পৌঁছামাত্রই তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর আনমোলকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে তোলা হলে এনআইএ ১৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে ১১ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পুলিশি তৎপরতার মাধ্যমে আনমোলকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে ২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভারতের মহারাষ্ট্রের এক আদালত তার বিরুদ্ধে নন-বেইলেবল ওয়ারেন্ট জারি করে এবং ইন্টারপোল রেড কর্নার নোটিশ ইস্যু করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বুধবার ভারতে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের হামলা

আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় অন্তত ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড, মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির খুনের পরিকল্পনা, এবং সালমান খানের বাড়ির সামনে ২০২৪ সালে গুলিবর্ষণ। এসব ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, বড় ভাই লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পরই গ্যাংয়ের নেতৃত্ব নেয় আনমোল। ২০২২ সালে ভুয়া পাসপোর্টে নেপাল হয়ে দুবাই, পরে কেনিয়া এবং এরপর যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় বলে তদন্তে জানা গেছে। বিদেশে বসেই তিনি গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *