জয়া আহসান-ocd-newsedge24

দুই বাংলার দাপুটে অভিনেত্রী জয়া আহসান এবার এক ভিন্ন, রহস্যময় ও রূদ্র রূপে হাজির হয়েছেন কলকাতার সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’-তে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেলার, যা দর্শকদের চমকে দিয়েছে তার নির্মম ও গভীর অভিনয় দিয়ে।

জয়া আহসান নিজের ফেসবুকে ট্রেলার শেয়ার করে লিখেছেন, “পরিছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।” মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ট্রেলারে পুরোটা জুড়ে তার রহস্যময়, উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর ব্যক্তিত্ব ফুটে উঠেছে।

‘ওসিডি’ (Obsessive Compulsive Disorder) নামক মানসিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে পরিচালক সৌকর্য ঘোষাল শৈশবের ভয়াবহ ট্রমা, নীরবতা ও সামাজিক ভণ্ডামির সঙ্গে যুক্ত করেছেন অপরাধপ্রবণতা ও প্রতিশোধের গল্প। ট্রেলারে উঠে এসেছে এক নির্মম সত্য—শৈশবের কোনো দুঃসহ অভিজ্ঞতা কীভাবে সারাজীবন মানুষের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে এবং সেই ক্ষত থেকেই জন্ম নিতে পারে ভয়ানক অপরাধী মানসিকতা। জয়া আহসানের চরিত্রের মাধ্যমে এই বাস্তবতাই ফুটিয়ে তোলা হয়েছে।

ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাহ্যিকভাবে পরিপাটি, সংযত ও পেশাদার এই নারীর অভ্যন্তরে লুকিয়ে আছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই কালো স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। গল্প নাটকীয় মোড় নেয় যখন এক রোগী আচমকা তার গোপন অতীত জেনে ফেলে।

পরিচালক সৌকর্য ঘোষালের এই ছবি শিশু নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে সাহসের সঙ্গে তুলে ধরেছে। ইন্ডিজেনাস ফিল্মস প্রযোজিত এবং জাহরা বিজনেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নিবেদিত ‘ওসিডি’-তে জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের ফজলুর রহমান বাবু। এছাড়া ছোট পর্দার জনপ্রিয় মুখ ‘ভূতু’খ্যাত আর্শিয়া মুখোপাধ্যায় এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন।

আগামী ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সাইকোলজিক্যাল থ্রিলার। ট্রেলার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, অনেকে জয়ার অভিনয়কে ‘ভয়ঙ্কর’ ও ‘চমকপ্রদ’ বলে প্রশংসা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *