অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
চার বছরের মিডিয়া জীবনকে ‘গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়’ হিসেবে উল্লেখ করে নওবা লেখেন, এই সময়ের জন্য তিনি গভীর কৃতজ্ঞ। তবে বর্তমানে তিনি নিজের দ্বীন, আত্মঅনুসন্ধান এবং শেখার প্রক্রিয়ায় প্রকৃত শান্তি খুঁজে পাচ্ছেন। যাদের সান্নিধ্যে তিনি ঘরের মতো অনুভূতি পান, তাদের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নকে তিনি এখন জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন।
নওবা স্পষ্টভাবে জানিয়েছেন, ভবিষ্যতে নাটক, টিভিসি, ওটিটি প্ল্যাটফর্ম বা অন্য কোনো মাধ্যমে তার কোনো নতুন কাজ প্রকাশ পাবে না। অতীতে সম্পন্ন করা কিছু কাজ যদি সামনে মুক্তি পায়, তাহলেও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।
পোস্টের শেষাংশে তিনি এতদিন ধরে দর্শক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: শাকিবের প্রশংসা করলেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী
নওবা তাহিয়া হোসাইন গত কয়েক বছরে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। তার এই সিদ্ধান্ত শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।













































































































































































































































