নুসরাত ফারিয়া-01088-NewsEdge24

কয়েকদিন ধরে নতুন কাজের খবর না থাকায় নেটদুনিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার তিনি নতুন প্রকল্প নিয়ে ফিরলেন আলোচনায়।

সম্প্রতি ‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে অভিনয়ের চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এটি কমেডি-থ্রিলার ঘরানার একটি ওয়েব সিনেমা। বর্তমানে চলছে এর শেষ পর্যায়ের প্রি-প্রোডাকশন কাজ। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি শুটিং শুরু হবে এবং বছরের শেষদিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই প্রকল্পে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। নির্মাতা ভিন্নধর্মী গল্প ও নতুন উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য ব্যতিক্রমী বিনোদন উপহার দিতে চান।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘গল্পটি মূলত থ্রিলারভিত্তিক, তবে এর সঙ্গে কমেডির মিশেল থাকবে। আমরা এমন একটি কাজ করতে চাই, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। সব প্রস্তুতি প্রায় শেষ। পরিকল্পনামতো আগস্টের মাঝামাঝি শুটিং শুরু করব।’

নুসরাত ফারিয়ার ওটিটি যাত্রা শুরু হয় ২০২১ সালে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ দিয়ে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় ‘পাতালঘর’, যা প্রথমে বড়পর্দার জন্য তৈরি হলেও পরে ওটিটিতে প্রদর্শিত হয়। সবশেষ বড়পর্দায় তাকে দেখা গেছে গত বছরের ‘জ্বীন থ্রি’-তে।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও সক্রিয় ফারিয়া। চলতি বছরের কোরবানির ঈদে প্রকাশিত হয় তার কণ্ঠে ‘লোকে বলে’ শিরোনামের গান। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *