জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর এবার তাদের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।
বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার। পোস্টারে কালো পোশাকে এক পুরুষের পাশে সাদা পোশাকে এক নারীকে দেখা যায়। পুরুষটির হাতে আগ্নেয়াস্ত্র, চারপাশে ছড়িয়ে থাকা গুলির খোসা, রক্তের ছাপ এবং একটি গাড়ির অংশ—সব মিলিয়ে পোস্টারে প্রেমের পাশাপাশি অ্যাকশন ও রহস্যের ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: অস্কারের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও জানানো হয়নি। পোস্টারে থাকা নারী চরিত্রটির পরিচয়ও রাখা হয়েছে গোপন। ফলে সিনেমাটির নায়িকা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
সর্বশেষ কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে দেখা গেছে শাকিবকে। এবার ‘মহব্বত’-এ প্রেম ও অ্যাকশনের মিশেলে ভিন্ন এক চরিত্রে তাকে দেখার অপেক্ষা।
নির্মাতা জানিয়েছেন, নতুন গল্পের এই সিনেমাটি আগামী বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।













































































































































































































































