পরিচালক অনুরাগ কশ্যপ এবার শাহরুখ খানের সঙ্গে নিজের ব্যস্ততার তুলনা করে হৈচৈ ফেলেছেন। সম্প্রতি এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি দাবি করেছেন, তিনি শাহরুখ খানের চেয়েও বেশি ব্যস্ত। এর পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘টক্সিক’ পরিবেশের সমালোচনা করে জানিয়েছেন, তিনি মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে স্থায়ীভাবে চলে গেছেন।
অনুরাগ লিখেছেন, “আমাকে ব্যস্ত থাকতেই হবে। যদিও আমি সেই পরিমাণ টাকা উপার্জন করি না। ২০২৮ সাল পর্যন্ত আমার কাছে ডেট নেই। আমার পরিচালিত পাঁচটা প্রজেক্ট রয়েছে, যার মধ্যে তিনটা এ বছর আর বাকি দুটো আগামী বছর মুক্তি পেতে পারে। যারা ভেবেছিল আমি বিরক্ত হয়ে মুম্বাই ছেড়ে কাজ পাচ্ছি না, তাদের উদ্দেশে বলি, আমি শাহরুখ খানের চেয়েও ব্যস্ত।”
গত মাসে তিনি জানিয়েছিলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি তাঁকে হতাশ করেছে। তিনি বলেন, “ইন্ডাস্ট্রি এখন শুধু বক্স অফিস নম্বরের পেছনে ছুটছে। সৃজনশীল কাজের পরিবেশ আর নেই। পরিচালকেরা শুধু বাণিজ্যিক সাফল্যের দিকে তাকিয়ে আছেন।” এই কারণেই তিনি মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে চলে গেছেন।
এদিকে, ‘ফুলে’ সিনেমার ছাড়পত্র না পাওয়ার ঘটনায় ভারতীয় সার্টিফিকেশন বোর্ডের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন অনুরাগ। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছিলেন, অন্যের সিনেমা নিয়ে এত সোচ্চার অনুরাগের নিজের প্রজেক্টের খবর কী? এর জবাবেই তিনি তাঁর আসন্ন পাঁচটি প্রজেক্টের কথা উল্লেখ করেন।
অনুরাগের এই মন্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর স্পষ্টবাদিতার প্রশংসা করলেও কেউ কেউ তাঁর শাহরুখ খানের সঙ্গে তুলনাকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন। এর আগেও বাংলা সিনেমার সমালোচনা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। তবে অনুরাগের মতে, তিনি সবসময় সত্য কথা বলতে বিশ্বাসী, যা তাঁকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।













































































































































































































































