উর্বশী রাউতেলা-Urvashi_hot-newsedge24

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। উত্তরাখাণ্ডের বদ্রীনাথ মন্দিরের কাছে তার নামে একটি ‘উর্বশী মন্দির’ রয়েছে বলে মন্তব্য করায় ক্ষুব্ধ হয়েছে দুটি পুরোহিত সংগঠন—উত্তরাখাণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতি। তারা উর্বশীর বক্তব্যকে ধর্মীয় ভাবাবেগে আঘাতকারী এবং হিন্দু পুরাণের দেবী উর্বশীর প্রতি অসম্মানজনক বলে মনে করছেন। অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

উর্বশী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “বদ্রীনাথ মন্দিরের কাছে উর্বশী মন্দির রয়েছে। যারা বদ্রীনাথে যান, তারা এই মন্দিরেও যান। তিনি আরও দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ‘দমদমি মাই’ বলে ডাকত এবং তার ছবিতে মালা দিত।” এই মন্তব্যের পর পুরোহিত সংগঠনগুলো দাবি করে, উত্তরাখাণ্ডের বামনি গ্রামে অবস্থিত উর্বশী মন্দিরটি হিন্দু পুরাণের দেবী উর্বশীকে উৎসর্গীকৃত একটি প্রাচীন তীর্থস্থান, যেখানে অগণিত ভক্তরা পূজা করেন। তারা উর্বশীর মন্তব্যকে ‘মিথ্যা’ ও ‘অপমানজনক’ বলে অভিহিত করে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) তারা দেহরাদুন থানায় পুলিশের ডিজিপির কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান।

বিতর্ক তীব্র হওয়ার পর উর্বশীর টিম একটি বিবৃতি জারি করে জানায়, উর্বশী শুধু বলেছিলেন যে উত্তরাখাণ্ডে তার নামে একটি মন্দির রয়েছে; তিনি কখনো দাবি করেননি যে এটি ‘উর্বশী রাউতেলা মন্দির’। তারা অভিযোগ করে, কিছু মানুষ ‘উর্বশী’ ও ‘মন্দির’ শব্দ শুনে ভুল ব্যাখ্যা করে ধরে নিয়েছে যে অভিনেত্রী নিজেকে দেবী হিসেবে দাবি করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, উর্বশী দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্ররা তাকে ‘দমদমি মাই’ বলে ডাকত, এবং এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা উর্বশীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত সংঘের সভাপতি অমিত সতি বলেন, “উর্বশী মন্দির আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের অংশ। অভিনেত্রীর মন্তব্য আমাদের গভীরভাবে আঘাত করেছে। তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।” বদ্রীনাথ ধামের প্রাক্তন কর্মী রামনারায়ণ ভাণ্ডারী বলেন, “এই মন্দিরে দেবী উর্বশীকে পূজা করা হয়। উর্বশী রাউতেলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার দাবি অত্যন্ত অসম্মানজনক।” পুরোহিতরা জানান, পুলিশ ব্যবস্থা না নিলে তারা একত্রে কঠোর পদক্ষেপের কথা ভাববে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *