- April 21, 2025
- নিউজএজ ডেস্ক
- 0
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী এই লঙ্কান কোচ পুনরায় এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তিনি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া বা আবেগপ্রবণ আচরণ করেননি। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবি একটি পারফরম্যান্স মূল্যায়ন বোর্ড গঠন করে। সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হাথুরুসিংহে নাকি নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্চিত করেছিলেন। এই অভিযোগের জেরে গত অক্টোবরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাকে কোচের পদ থেকে বরখাস্ত করেন।
হাথুরুসিংহে বলেন, “আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। এই অভিযোগ আমার ওপর চাপ সৃষ্টি করছে। বিসিবি আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে আমার ক্যারিয়ার ধ্বংস করেছে। ক্রিকেটই আমার সব, এটিই আমার জীবিকা।” তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদের দিকে ইঙ্গিত করে বলেন, “এটি নতুন সভাপতির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল। আমি জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত কত সুযোগ হারিয়েছি।”
এই ঘটনায় হাথুরুসিংহে সত্যিই নাসুমকে শারীরিকভাবে আঘাত করেছিলেন কি না, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, তার পক্ষে সম্প্রতি কথা বলেছেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এবং সহকারী কোচ নিক পোথাস। তারা উভয়েই হাথুরুসিংহের সহকর্মী ছিলেন। হেরাথ বলেন, “আমি সরাসরি বলতে পারি, এমন কিছু ঘটেনি। বিশ্বকাপের সময় অনেক ক্যামেরা ছিল। কেউ বলতেই পারে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু প্রমাণ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি, এমন কিছুই হয়নি। চড় মারা আর পিঠে ধাক্কা দেওয়া সম্পূর্ণ আলাদা।”
অন্যদিকে, নিক পোথাস বলেন, “হাথুরু একজন অভিজ্ঞ ও পেশাদার কোচ। তিনি এমন কিছু করলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না। যারা এই অভিযোগ করেছে, তাদের হয়তো তার প্রতি ক্ষোভ ছিল। আর নাসুম যিনি অভিযোগ করেছেন, তিনি বোধহয় ভাবেননি বিষয়টি এভাবে বিস্ফোরিত হবে।”


















































































































































































































































































































































































































































