জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) থেকে চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে মনজুরুল ইসলাম মেঘকে প্রাথমিক সদস্যপদসহ জেডসিএফের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাকে সংগঠনের কোনো কার্যক্রমে যুক্ত না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেডসিএফের প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল আমার দেশকে জানান, “২০১৫ সাল থেকে আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে অনলাইন ও অফলাইনে কাজ করে আসছি। মনজুরুল ইসলাম মেঘ ধূর্তভাবে জাতীয়তাবাদের পক্ষে কিছু অ্যাক্টিভিজম করে আমাদের সংগঠনে ঢোকার চেষ্টা করেন। তার ফেসবুক প্রোফাইল দেখে মনে হতে পারে তিনি বড় জাতীয়তাবাদী। তবে তদন্তে জানা গেছে, তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুদান নিয়েছেন, জাজ মাল্টিমিডিয়ার অর্থায়নে সিনেমা বানিয়েছেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের চেষ্টা করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন এবং সংগঠনের নারী কর্মীদের প্রতি অশালীন প্রস্তাব দিয়েছেন।”
নাসিফ আরও বলেন, “অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় দলীয় সিদ্ধান্তে মেঘকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।” তিনি জানান, মেঘের বিষয়ে অন্যান্য জাতীয়তাবাদী সংগঠনকেও সতর্ক করা হয়েছে।













































































































































































































































