খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে অভিনেতা জিতের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করার পর থেকে তাঁর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন—জিৎ কি এবার বলিউডে কাজ করবেন? টলিউডের এই জনপ্রিয় নায়কের ‘খাকি’র সাফল্য তাঁর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। টলিপাড়ার শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের মতো অভিনেতারা ইতিমধ্যে বলিউডে নিজেদের জায়গা করে নিয়েছেন। এবার কি জিতের নামও যুক্ত হবে সেই তালিকায়?
টলিপাড়ার অন্দরমহলে গুঞ্জন, ‘খাকি’র সাফল্যের পর মুম্বই থেকে জিতের কাছে একাধিক প্রস্তাব এসেছে। জানা গেছে, একটি হিন্দি ছবির জন্য তাঁর সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে, এই ছবিতে তিনি মুখ্য চরিত্রে নয়, দ্বিতীয় মুখ্য চরিত্রে (সেকেন্ড লিড) অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। জিৎ এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, এবং আলোচনা চলমান রয়েছে। তাঁর টিমের তরফ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জিতের ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বলিউডে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা ছেড়ে মুম্বইয়ে সময় কাটিয়েছিলেন। তবে সে সময় তেমন সাফল্য না পেয়ে নানা বাধার মুখোমুখি হন। সময়ের সঙ্গে তিনি টলিউডে সফল নায়ক ও প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত বছর তাঁর প্রযোজিত ও অভিনীত ‘চেঙ্গিজ’ ছবির হিন্দি সংস্করণের প্রচারে মুম্বইয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। এখন তাঁর মুম্বই-কলকাতা যাতায়াত বেড়েছে, যা বলিউডে তাঁর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে।
এদিকে, জিৎকে আগামী দিনে রায়হান রাফী পরিচালিত ‘লায়ান’ ছবিতে নতুন রূপে দেখা যাবে। এই ছবির ঘোষণা ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। তবে, বলিউডে তিনি কাজ করবেন কি না, তা নিয়ে সংশয় থাকলেও তাঁর অনুরাগীরা আশায় বুক বাঁধছেন।













































































































































































































































