Kabir Sumon-newsedge24

ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে সংগীতশিল্পী ও চিন্তাবিদ কবীর সুমন তীব্রভাবে যুদ্ধ ও দেশপ্রেমের নামে বিভেদের বিরোধিতা করেছেন। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি যুদ্ধের ধ্বংসলীলা, পরিবেশের ক্ষতি এবং মানবতার প্রতি অবিচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। সে যুদ্ধ যেই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধবিরোধী। আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা বলেছি, যা আজ শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।”

কবীর সুমন উপমহাদেশের বিভাজন নিয়ে প্রশ্ন তুলে বলেন, “১৯৪৭ সালে দেশ ভাগের সময় কি আমার বা কোনো সাধারণ মানুষের অনুমতি নেওয়া হয়েছিল? আমি ১৯৪৯ সালে জন্মেছি। তখন আমার কোনো পছন্দ ছিল না। আমি উপমহাদেশের নাগরিক। কিসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল? দেশপ্রেম আমার কাছে বুজরুকি। তাতে মানবপ্রেম, প্রাণীদের প্রতি ভালোবাসা নেই।”

তিনি যুদ্ধের পরিবেশগত ও মানবিক ক্ষতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “একটা যুদ্ধে অস্ত্র চালানো হচ্ছে, কিন্তু কত নিরীহ প্রাণ হারাচ্ছে, যারা পৃথিবীর কোনো ক্ষতি করেনি। কত গাছ পুড়ে যাচ্ছে, পাখি, পোকামাকড় মারা যাচ্ছে। জল বিষাক্ত হচ্ছে। দেশপ্রেমের নামে এসব নিয়ে কেউ কথা বলছে না। নেতাদের ধ্বংস নিয়ে মাথাব্যথা নেই।”

ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কিসের অপারেশন সিঁদুর? আর বেশি বলতে চাই না, এবার খারাপ কথা বেরোবে। আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই ‘দেশপ্রেম’ ও যুদ্ধের বিরুদ্ধে।” তিনি ধর্ম ও মতবাদের নামে যুদ্ধের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, “যে ধর্মের নামে যুদ্ধ হয়, আমি সেই ধর্মকে ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটায়, তাকেও ধিক্কার জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *