গায়ক মাইনুল আহসান নোবেল ধর্ষণ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তারের পর তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে তার বিরুদ্ধে মামলার বাদী ইডেন মহিলা কলেজেরসাবেক ছাত্রীকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে কারাগারে কাবিননামা অনুযায়ী বিয়ের নির্দেশ দেন। আদালতের নির্দেশে উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন করে আদালতকে অবহিত করার কথা বলা হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে নোবেলের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার নিজ বাসায় নিয়ে যান। অভিযোগে বলা হয়, সেখানে তাকে আটকে রাখা হয়, ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও গোপনে ধারণ করা হয়। ভুক্তভোগীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয় এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সাত মাস ধরে তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পারে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে। ১৯ মে ২০২৫ রাত সাড়ে ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে। পরদিন ডেমরা থানায় নোবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়।
মাইনুল আহসান নোবেল এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালে তিনি একটি অনুষ্ঠানে অংশ না নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে প্রতারণা, সহিংসতা এবং জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগও রয়েছে।
নোবেল দাবি করেছিলেন, ভুক্তভোগী তাঁর স্ত্রী, তবে তিনি আদালতে কাবিননামা উপস্থাপন করতে পারেননি। তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিল ফেসবুকে জানিয়েছেন, তিনি বর্তমানে বিদেশে আছেন এবং নোবেলের বিরুদ্ধে কোনো মামলা করেননি।













































































































































































































































