দীর্ঘদিনের গুঞ্জন সত্যি হলো! ঢালিউডের মেগাস্টার শাকিব খান হলিউডে অভিষেক করতে যাচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর তার নতুন ক্রাইম থ্রিলার প্রজেক্টে শাকিব খানকে প্রোটাগনিস্ট হিসেবে নির্বাচিত করেছেন। এই খবর পরিচালক নিজেই নিশ্চিত করেছেন।
পরিচালক আসিফ আকবর, যিনি ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর-নাইন’-এর মতো সিনেমা নির্মাণের জন্য পরিচিত। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি গ্লোবাল ক্রাইম থ্রিলার যার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান। সিনেমায় দুই নায়িকা থাকছে একজন বাংলাদেশ থেকে, অন্যজন হলিউড থেকে এবং খলনায়ক হিসেবে হলিউডের একজন পরিচিত মুখ। আসিফ আকবর জানান পাণ্ডুলিপির কাজ চলছে। আগামী মাসের শুরুতে শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের পর প্রজেক্টটি চূড়ান্ত হবে।
শাকিব খান, যিনি ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেতাদের একজন। তিনি ২৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং “কিং খান” ও “ঢালিউড কিং” হিসেবে পরিচিত। তার সিনেমা ‘বরবাদ’ (২০২৫) বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়ে জনপ্রিয়তা অর্জন করে। সাম্প্রতিক তার মুক্তি পাওয়া সিনেমা ‘তাণ্ডব’ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, সারা বাংলাদেশে রেকর্ড সংখক সিনেমা হলে মুক্তি পেয়েছে।
এই প্রজেক্ট শাকিব খানের ক্যারিয়ারে একটি মাইলফলক হতে যাচ্ছে, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবে। ভক্ত ও সমালোচকরা এই সিনেমার মাধ্যমে শাকিবের অভিনয় দক্ষতা এবং আসিফ আকবরের নির্মাণ কৌশল কীভাবে হলিউডের মানের সঙ্গে মেলে, তা দেখার জন্য মুখিয়ে আছেন।













































































































































































































































