Janvhi Kapoor-newsedge24

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর এখন প্রেমের জোয়ারে ভাসছেন। লন্ডনের রাস্তায় তার মনের মানুষ শিখর পাহাড়িয়ার সঙ্গে হাতে হাত রেখে ঘুরতে দেখা গেছে তাকে। এই রোমান্টিক মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। তবে, জাহ্নবী ও শিখর এখনো তাদের সম্পর্কের ব্যাপারে যদিও প্রকাশ্যে কিছু বলেননি।

ভাইরাল ভিডিওতে জাহ্নবীকে কালো টিউব টপ ও অ্যাশ কালারের ট্রাউজারে দেখা গেছে। শিখর পরেছিলেন বাদামী-সবুজ রঙের টি-শার্ট ও অফ-হোয়াইট প্যান্ট। তাদের সঙ্গে ছিলেন জাহ্নবীর বোন খুশি কাপুর, যিনি সাদা পোশাকে ছিলেন। এই ক্যাজুয়াল ত্রয়ীর মুহূর্তটি নেটিজেনদের মন কেড়েছে।

শিখর পাহাড়িয়া ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি। তিনি একজন পোলো খেলোয়াড় এবং উদ্যোক্তা। জাহ্নবীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। যদিও তারা নিজেরা এ বিষয়ে নীরব, জাহ্নবীর বাবা বনি কাপুর এই সম্পর্কের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “শিখরকে আমি ভালোবাসি। জাহ্নবীর সঙ্গে তার পরিচয় হওয়ার আগে তাকে আমি চিনি। আমি জানি, সে কখনো জাহ্নবীকে ছেড়ে যাবে না। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে থাকায় আমি নিজেকে ধন্য মনে করি।”

‘কফি উইথ করণ’-এর একটি পর্বে জাহ্নবী সূক্ষ্মভাবে শিখরের প্রতি তার অনুভূতি প্রকাশ করেছিলেন। তিনি জানান, তার ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর ও বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বরও রয়েছে। তিনি বলেন, “বিপদে-আপদে শিখর সবসময় আমার পাশে থাকে।” করণ জোহর যখন তার প্রেমের বিষয়ে প্রশ্ন করেন, তখন জাহ্নবী গানের কথা উল্লেখ করে বলেন, “নাদান পরিন্দে ঘর আজা,” যা শিখরের সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত দেয়।

জাহ্নবী ও শিখরের সম্পর্কের গল্প দীর্ঘদিনের। তারা কিশোর বয়স থেকেই একে অপরের সঙ্গে ছিলেন, তবে মাঝে কিছু সময়ের জন্য আলাদা হয়েছিলেন। জাহ্নবী ‘ধড়ক’ ছবির শুটিংয়ের সময় সহ-অভিনেতা ইশান খট্টরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু পরে আবার শিখরের কাছে ফিরে আসেন। একটি সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, “আমার জীবনে একবারই হৃদয় ভেঙেছিল, কিন্তু সেই ব্যক্তিই ফিরে এসে আমার হৃদয় জুড়েছে।”

জাহ্নবী সম্প্রতি লন্ডন থেকে তার ছুটির ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যার শেষ স্লাইডে শিখরের সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত রয়েছে। ভিডিওতে জাহ্নবী শিখরের প্লেট থেকে খাবার চুরি করার চেষ্টা করছেন, আর শিখর তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন। এই পোস্টে ভারুণ ধাওয়ান মজার মন্তব্য করেন, “শান্ত হও, সুগার-ফ্রি আইসক্রিম খাও।” জাহ্নবী উত্তরে বলেন, “সানি সংস্কারী কি তুলসী কুমারী রিলিজ না হওয়া পর্যন্ত শান্ত থাকতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *