শাহরুখ খান-newsedge24

বলিউড সুপারস্টার শাহরুখ খান তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের সময় মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পেশিতে আঘাত পেয়েছেন। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে জানা গেছে, আঘাতটি গুরুতর নয়, তবে তাঁকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার সুনির্দিষ্ট তারিখ এবং আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাহরুখ গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে তীব্র অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন। আঘাতটি পেশির সমস্যা হিসেবে চিহ্নিত হলেও এটি গুরুতর নয়। তবে সতর্কতার স্বার্থে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে গেছেন। সূত্রটি আরও জানায়, “শাহরুখ বছরের পর বছর ধরে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে একাধিকবার পেশিতে আঘাত পেয়েছেন। তবে এটিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না।” আঘাতের পর তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল, এবং চিকিৎসকদের পরামর্শে তিনি এক মাস বিশ্রামে থাকবেন।

আরও পড়ুন: আমির খান ২৭ বছর পর আবার পর্দায় গান গাইছেন

শাহরুখের আঘাতের কারণে ‘কিং’ সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে। জুলাই ও আগস্টে ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো স্টুডিও এবং যশ রাজ ফিল্মস স্টুডিওতে নির্ধারিত শুটিং বাতিল করা হয়েছে। পরবর্তী শুটিং এখন সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হবে, যা শাহরুখের শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। শ্রীলঙ্কায় পরিকল্পিত একটি শুটিং লোকেশন পরিদর্শনও স্থগিত করা হয়েছে।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ এবং ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার সিনেমা পরিচালনা করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা এবং অভয় বর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *