বিজয়-রশ্মিকা-newsedge24

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। এবার কি সেই সম্পর্কে সিলমোহর পড়ল? গুঞ্জন উঠেছে, এই তারকাজুটি নাকি ইতিমধ্যেই গোপনে বাগদান সেরেছেন। তবে বিজয় ও রশ্মিকা দুজনেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন।

অনুরাগীদের মতে, রশ্মিকা মনের অনুভূতি লুকাতে পারেন না। বিজয়ের প্রসঙ্গ উঠলেই তাঁর হাসি যেন সব বলে দেয়। অন্যদিকে, বিজয়ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে রয়েছেন, তবে কার সঙ্গে, তা খোলসা করেননি। এর আগেও একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন তারা, কিন্তু পরস্পরের সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি।

সম্প্রতি রশ্মিকার কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে সাদা শার্ট, নীল ডেনিম, রোদচশমা ও খোঁপায় স্নিগ্ধ সাজে দেখা গেছে। কিন্তু অনুরাগীদের নজর কেড়েছে তাঁর অনামিকার হিরের আংটি। এই আংটি ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা—গোপনে কি ‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয়ের সঙ্গে বাগদান সেরেছেন রশ্মিকা?

এর আগে চলতি বছরের জুন মাসে রশ্মিকার একটি শাড়ি পরা ছবি নিয়ে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়িতে সাবেকি সাজে তিনি লিখেছিলেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, গোটা আবহ, এই জায়গাটা এবং যে সুন্দরী মহিলা আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়।” নেটাগরিকরা দাবি করেন, ছবিটি বিজয়ের বাড়ি থেকে তোলা, কারণ একই জায়গা থেকে বিজয় প্রায়ই ছবি শেয়ার করেন।

আরও পড়ুন: রশ্মিকা মান্দানা কেমন পুরুষকে ভালোবাসতে ও বিয়ে করতে চান

এর আগে ২০২৩ সালে ফেব্রুয়ারিতে গুঞ্জন ছড়ায়, বিজয় ও রশ্মিকা সেবছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে বিজয় স্পষ্ট জানান, “আমি ফেব্রুয়ারিতে বাগদান বা বিয়ে করছি না। মনে হচ্ছে প্রেস শুধু প্রতি দুই বছর অন্তর আমার বিয়ে দিতে চায়।”

অনুরাগীদের মনে প্রশ্ন, এবার কি সত্যিই বিয়ের পথে এগোচ্ছেন বিজয় ও রশ্মিকা? নাকি এটিও কেবল গুঞ্জন? দুজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত জল্পনা চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *