ফিল সিমন্স-newsedge24
  • September 23, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 3

এশিয়া কাপে সুপার ফোরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলতে হবে তাদের, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—টানা দুই দিনে দুটি ম্যাচ। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে এবং পরদিন (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সুপার ফোরের অন্য কোনো দলকে এমন কঠিন সূচির মুখোমুখি হতে হয়নি।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। তিনি বলেন, “টানা দুটি টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলা অত্যন্ত কঠিন। এটা কোনোভাবেই ন্যায্য নয়। আমরা প্রস্তুত আছি, তবে এমন সূচি খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকে এটাকে সহজ মনে করলেও, বাস্তবে এটা অনেক কঠিন।”

বাংলাদেশের পারফরম্যান্স গ্রুপ পর্বে আশানুরূপ ছিল না, বিশেষ করে ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। মিডল অর্ডারের তাওহিদ হৃদয় গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে ৩৪ বলে ৩৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে ৮ এবং আফগানিস্তানের বিপক্ষে ২০ বলে ২৬ রান করেন। তবে, সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ঝলমলে ৫৮ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন: সুপার ফোরের সময়সূচি

হৃদয়ের পারফরম্যান্স নিয়ে আশাবাদী সিমন্স বলেন, “টুর্নামেন্টে কেউ ভালো শুরু করেও ফর্ম হারাতে পারে, আবার কেউ খারাপ শুরুর পর ঘুরে দাঁড়ায়। হৃদয়ের ব্যাটিং আমাদের জন্য সুখবর। আমরা এখন একটি ভারসাম্যপূর্ণ ব্যাটিং ইউনিট পাচ্ছি, যারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

টানা ম্যাচের সূচিকে অন্যায্য মানলেও, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতি যথেষ্ট বলে জানিয়েছেন কোচ সিমন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *