বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, বর্তমানে সিনেমার পর্দায় না থাকলেও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যবসায়ও নাম লিখিয়েছেন। শারদীয় দুর্গাপূজার এই সময়ে ঢাকায় অবস্থান করছেন তিনি। তবে এবারের পূজায় কোথাও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অপু। তিনি বলেন, “কোথাও যাবো না, বাসায় সময় কাটাবো। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।”
শৈশবের স্মৃতি রোমন্থন করে অপু বলেন, “বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কেটেছে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়স্বজন থাকতেন। পূজার এই দিনগুলোতে উৎসবের আমেজ লেগে থাকতো।” ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাবো।”
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
প্রসঙ্গত, অপু বিশ্বাসের দুই দশকের অভিনয়জীবন তাকে বাংলা চলচ্চিত্রের শীর্ষে নিয়ে গেছে। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ (২০০৫) সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। পরের বছর ‘কোটি টাকার কাবিন’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে তার দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয়। এই জুটি একসঙ্গে ৮০টি সিনেমায় অভিনয় করেছেন, যা বাংলা চলচ্চিত্রে এক অনন্য রেকর্ড।













































































































































































































































