মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মুক্তি পেয়েছে মিস্ট্রি-থ্রিলার ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’-এর ট্রেলার। ক্যাম্পাস, জাস্টিস, ভালোবাসা এবং ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়গুলো নিয়ে নির্মিত এই কনটেন্টের ট্রেলার শুরু হয়েছে একটি চিত্তাকর্ষক সংলাপ দিয়ে: “সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়।” ট্রেলারে উঠে এসেছে জীবনের গভীর প্রভাব ফেলা ঘটনার নান্দনিক উপস্থাপনা।
নবীন নির্মাতা রাকায়েত রাব্বি পরিচালিত ‘গ্যাড়াকল’ তার আশেপাশের ঘটনা থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, “গল্পটি খুব অন্যরকম নয়, তবে পরিচিত গল্পকে একটু ভিন্নভাবে পরিবেশনের চেষ্টা করেছি। জীবনে অনেক ঘটনা ঘটে, যা প্রকাশ করা যায় না, কিন্তু তার প্রভাব সারা জীবন থেকে যায়। ‘গ্যাড়াকল’-এ এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে, যা শিক্ষাজীবন ও পরবর্তী সময়ের কথা বলে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”
গল্পটি কেন্দ্রীয় চরিত্র রিমি, অনিক ও মোশতাকের জীবন নিয়ে এগিয়েছে। রিমি ও অনিক ঘুরতে গিয়ে মোশতাক নামে এক চিত্রশিল্পীর সঙ্গে পরিচিত হন। তাদের সম্পর্ক গভীর হতে থাকে, কিন্তু এর মধ্যে রিমি ও অনিকের সম্পর্ক ভাঙতে শুরু করে। ট্রেলারে প্রশ্ন ওঠে, এই সম্পর্কগুলো কতটা সত্য? চোখে দেখা সবই কি সত্যি? পূর্ণ উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ১৬ অক্টোবর রাত ১২টা ১ মিনিট পর্যন্ত, যখন ‘গ্যাড়াকল’ চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
‘গ্যাড়াকল’-এ রিমির চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, অনিকের চরিত্রে আবু হুরায়রা তানভীর এবং মোশতাকের চরিত্রে ইন্তেখাব দিনার। মোশতাকের স্ত্রীর চরিত্রে রয়েছেন সুষমা সরকার। এছাড়া হুমায়রা স্নিগ্ধা, শিহাব ও সাদি শুভও অভিনয় করেছেন। গল্প ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, এবং চিত্রনাট্য করেছেন নির্মাতা রাকায়েত রাব্বি।
সামিরা খান মাহি রিমির চরিত্র নিয়ে বলেন, “এই চরিত্রের একাধিক রূপ ও ঢং রয়েছে। কখনো সাধারণ, কখনো অসাধারণ। নানা রূপে নিজেকে উপস্থাপন করা চ্যালেঞ্জিং, তবে আমার ভালো লাগে। ‘গ্যাড়াকল’-এ আমার চরিত্র রহস্যময়। বেশিরভাগ সময় ফ্যাশনেবল লুকে থাকলেও কিছু সময়ের জন্য ভিন্ন লুকে দেখা যাবে। দর্শকরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে তার কারণ বুঝতে পারবেন।”
আরও পড়ুন: নতুন রূপে আসছেন শাকিব খান
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ফ্ল্যাশ ফিকশন ব্যাখ্যা করে বলেন, “ফ্ল্যাশ ফিকশন জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটি ‘স্লাইস অফ লাইফ’ বলা যায়। এতে ছোট ঘটনা থাকলেও এর প্রভাব গভীর। ব্যাপ্তিতে ছোট হলেও দর্শকদের মনে এর রেশ বড় হয়ে থাকবে।” তিনি স্পষ্ট করেন, ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট নয়।













































































































































































































































