ধর্মেন্দ্র-dharmendra-newsedge24

কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (৮৯) আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে তার জুহু বাসভবনে মৃত্যুবরণ করেন। নির্মাতা করণ জোহার সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেন। এছাড়া ভারতীয় জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজেও জানানো হয়েছে, বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিত্সা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। আজ সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি দেন এই বরেণ্য অভিনেতা।

এদিন সকালেই মুম্বাইয়ে ধর্মেন্দ্রের জুহু বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির ৫০ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সংবাদ সংস্থা এএনআই (ANI) টুইট করে জানায়, প্রবীণ অভিনেতার বাড়িতে তারকারা আসতে শুরু করেছেন। সালমান খান, শাহরুখ খানসহ অনেকেই সেখানে উপস্থিত হন।

ধর্মেন্দ্রের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অসংখ্য তারকা শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, “ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় সিনেমার একটি যুগের অবসান। তার চার্ম ও গভীর অভিনয় লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছে।”

করণ জোহার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “একটি যুগের সমাপ্তি। ধর্মেন্দ্র সাহেবের মতো অভিনেতা আর আসবে না।” আমিতাভ বচ্চন বলেন, “ধর্মেন্দ্রজির সঙ্গে কাজ করার স্মৃতি আমার জীবনের সোনালি অংশ।”

ধর্মেন্দ্রের ছেলে সানি দিওল ও ববি দিওল, স্ত্রী হেমা মালিনি, মেয়েরা ইশা ও আহানা দিওল সহ পরিবারের সদস্যরা শোকাহত। তার শেষ ছবি ‘ইককিস’ ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *