ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হচ্ছেন—এমন খবর ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবরে দাবি করা হয়েছে, এবারের সন্তানের বাবাও বাংলার সুপারস্টার শাকিব খান।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার সময় বুবলীর পরনে থাকা ঘাগরার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি তোলেন, ‘বুবলী অন্তঃসত্ত্বা’। এই গুঞ্জনকেই পুঁজি করে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে।
তবে এই খবরকে ‘সম্পূর্ণ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন শবনম বুবলী নিজেই। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।”
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীর জন্মগ্রহণ করে। প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল। তখনো তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী।
আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস
এই পুরোনো প্রেক্ষাপটের কারণেই এবারও অনুরূপ গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে। তবে বুবলী এবার স্পষ্টভাবে গুজব অস্বীকার করেছেন।













































































































































































































































