সুলতানাস ড্রিম-newsedge4

নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার বিখ্যাত উপন্যাস ‘সুলতানাস ড্রিম’ অবলম্বনে নির্মিত স্প্যানিশ অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’ এ মাসেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স গত বুধবার সিনেমার ট্রেলার শেয়ার করে এই খবর জানিয়েছে। নির্দিষ্ট তারিখ না জানালেও তারা আভাস দিয়েছে, জানুয়ারি মাসেই প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ৮৬ মিনিটের সিনেমা।

স্পেনের নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত এই সিনেমার প্রিমিয়ার হয় ২০২৩ সালে স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছরই স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে এবং পুরস্কার জিতেছে।

২০১২ সালের দিকে ভারতে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণের জন্য গেলে দিল্লির এক আর্ট গ্যালারিতে বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ বইটি আবিষ্কার করেন ইসাবেল হারগুয়েরা। প্রচ্ছদে এক নারীর মহাকাশযান চালানোর ছবি দেখে চমকে ওঠেন তিনি। বইটি পড়ে অবাক হন—১০০ বছরের বেশি আগের লেখা এই উপন্যাসের বিষয়বস্তু এখনো কতটা প্রাসঙ্গিক! সিদ্ধান্ত নেন এটি নিয়ে সিনেমা নির্মাণের এবং শুরু করেন ৮ বছরের গবেষণা।

আধিপত্যবাদী সমাজে নারীরা মাথা তুলে দাঁড়াবে নিজ অধিকারে—বেগম রোকেয়ার এই স্বপ্নকে পর্দায় তুলে এনেছেন ইসাবেল। স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। সিনেমায় ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা—বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক। এতে রয়েছে বাঙালি সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান। গানটির সংগীতায়োজনে তাজদির জুনায়েদ এবং কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য।

বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এবার সিনেমাটি আসছে সেই দেশে, যেখানে বেগম রোকেয়ার স্বপ্নের জন্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *