আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) আপিল শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি:
- ১০ জানুয়ারি: আপিল নম্বর ১ থেকে ৭০
- ১১ জানুয়ারি: ৭১ থেকে ১৪০
- ১২ জানুয়ারি: ১৪১ থেকে ২১০
- ১৩ জানুয়ারি: ২১১ থেকে ২৮০
- ১৪ জানুয়ারি: ২৮১ থেকে ৩৫০
- ১৫ জানুয়ারি: ৩৫১ থেকে ৪২০
- ১৬ জানুয়ারি: ৪২১ থেকে ৪৯০
- ১৭ জানুয়ারি: ৪৯১ থেকে ৫৬০
- ১৮ জানুয়ারি: ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিল
আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে আসছে ইইউর বড় পর্যবেক্ষক দল
শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































