২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ‘রক্তজবা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে নাম আসায় বিব্রত হয়েছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘রক্তজবা’ সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, “আমার সিনেমা ‘রক্তজবা’র চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান। অথচ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার নাম না এসে আমার নাম এসেছে! যেটা কোনোভাবেই আমার অর্জন নয়, সেটা কী করে আমার নামে এলো—বুঝতে পারছি না। এটি আমি প্রত্যাখ্যান করছি।” তিনি আরও বলেন, “আমি চাই যার অবদান, তাকেই যেন সেই স্বীকৃতি দেওয়া হয়।”
গত ২৯ জানুয়ারি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর আজীবন সম্মাননাসহ (মরণোত্তর) মোট ২৮টি বিভাগে ৩০টি পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৮টি বিভাগে ৯টি পুরস্কার জিতে নিয়েছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা।
আরও পড়ুন: বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নায়িকা জয়শ্রী কবির মারা গেছেন
নিয়ামুল মুক্তার এই প্রত্যাখ্যান চলচ্চিত্র অঙ্গনে নৈতিকতা ও স্বীকৃতির প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভুল সংশোধন করে প্রকৃত চিত্রনাট্যকার তাসনীমুল হাসানকে পুরস্কার প্রদান করবেন।













































































































































































































































