বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মোরাদাবাদের একটি আদালত। অভিনেত্রীর বিরুদ্ধে মামলাটি ২০১৭ সালের। অভিযোগকারী পবন বর্মা দাবি করেন, ওই বছরের নভেম্বরে মোরাদাবাদের দিল্লি রোডের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশা প্যাটেলকে সাড়ে ১৪ লাখ টাকা অগ্রিম পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন। অভিনেত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পরও আমিশা অনুষ্ঠানে যাননি।
পরে অভিনেত্রী পবনকে ১০ লাখ টাকা নগদে ফেরত দেন। বাকি সাড়ে ৪ লাখ টাকার জন্য একটি চেক দেন বলে অভিযোগ। কিন্তু সেই চেক ব্যাংকে জমা দিলে বাউন্স হয়। এরপর পবন বর্মা মোরাদাবাদ আদালতে মামলা করেন।
আমিশা প্যাটেলের দাবি, তিনি পুরো টাকা নির্দিষ্ট সময়ে ফেরত দিয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে রাজপাল যাদবের ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আদালত আগামী ১৮ মার্চ পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন বাড়িয়ে দিয়েছে। মামলার নিষ্পত্তি এখনো হয়নি।













































































































































































































































