আল-আকসা মসজিদের ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদের ভেতর থেকেই গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। ইসরায়েলি পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরোনো শহর (ওল্ড সিটি) এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর কড়াকড়ির পাশাপাশি প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের (সেটলার) অনুপ্রবেশও বেড়েছে।
পবিত্র মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেছেন, রমজান মাসে মুসলিমদের আল-আকসা মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, শাইখ আল-আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। সংগঠনটি এটিকে আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত বলে অভিহিত করেছে। হামাস আরও অভিযোগ করে বলেছে, রমজানকে সামনে রেখে মসজিদের লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেওয়া হচ্ছে।
এই ঘটনা রমজানের শুরুতেই পবিত্র স্থান আল-আকসাকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































