অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছিলেন বলে গত দুই দিন ধরে দেশের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। খবরে বলা হয়, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেন বলেও দাবি করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় মেহজাবীনকে নিয়ে তীব্র সমালোচনা ও ট্রোলিং শুরু হয়।
শুরুতে মুখ না খুললেও গতকাল দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন মেহজাবীন। তিনি লেখেন:
“কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।
আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিও’র কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা একেবারেই কাম্য নয়।
নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে—তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।”
আরও পড়ুন: ‘ওসিডি’-তে ভয়ংকর রূপে জয়া আহসান
পোস্টটি দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় মেহজাবীনের সমর্থনে এবং বিরোধিতায় দুই ধরনের মতামত দেখা যাচ্ছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বা শুল্ক বিভাগ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।













































































































































































































































