বছর দুই আগে দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল আসছে। সিনেমাটির দ্বিতীয় পর্বের নাম রাখা হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। আগামী ১০ জুলাই টালিউডে মুক্তি পাবে ছবিটি।
প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার দু’বছর পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারের গল্পে যুক্ত হয়েছে নতুন সংকট, নতুন সত্য এবং কয়েকটি না বলা অধ্যায়। জয়া আহসানের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এছাড়া ইন্দ্রাশিস রায়ও যুক্ত হয়েছেন।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানান, “তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পষ্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।”
আরও পড়ুন: কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি
জয়া আহসান বলেন, “ভীষণ পরিণত একটা গল্প ছিল ‘অর্ধাঙ্গিনী’তে। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।”
প্রথম পর্বের মতো এবারও ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।













































































































































































































































