অভিনেত্রী মৌসুমী হামিদ দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করার পাশাপাশি মা হতে চলার সুখবরও জানিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় চরকি-র এক অনুষ্ঠানে প্রথমবারের মতো তার বেবিবাম্প প্রকাশ্যে আসে।
অনুষ্ঠানে মৌসুমীর সঙ্গে ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীব। এ সময় সহকর্মীদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেন, “আমি মা হতে চলেছি। এই দেখ, আমার সন্তান।”
মৌসুমী জানান, সবাইকে একসঙ্গে চমক দেওয়ার জন্যই তিনি এ অনুষ্ঠানে নিজের বিয়ে ও মাতৃত্বের খবর প্রকাশ করেছেন। তিনি বলেন, ভুল তথ্য প্রকাশের আশঙ্কায় এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।
অভিনেত্রী আরও বলেন, “আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। জীবনের এক নতুন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।”
কবে বিয়ে করেছেন—এমন প্রশ্নের জবাবে মৌসুমী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে এই মুহূর্তে তিনি বিয়ের চেয়ে মাতৃত্বের আনন্দ নিয়েই থাকতে চান।
আরও পড়ুন: শাকিব খানের ‘সোলজার’-এ যুক্ত হলেন সুমন
স্বামীর পরিচয় তুলে ধরে তিনি বলেন, তারা ১৪ বছরের পুরোনো বন্ধু। দীর্ঘদিনের বন্ধুত্ব ও চিন্তাভাবনার মিল থেকেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও কামনা করেন এই অভিনেত্রী।













































































































































































































































