বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হতে চলেছেন। চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানালেও এবার প্রথমবারের মতো একটি নতুন বিজ্ঞাপনে স্পষ্টভাবে ধরা পড়েছে তার বেবি বাম্প। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রথম সন্তান জন্মের সময়ের মতো এবারও মাতৃত্বের কারণে কাজ থেকে দীর্ঘ বিরতি নেননি দীপিকা। গর্ভাবস্থাতেই তিনি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা কিং-এর শুটিং শেষ করেছেন। সম্প্রতি একটি বিলাসবহুল হোটেল চেইনের বিজ্ঞাপনে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী।
ভিডিওতে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দীপিকার উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। অনেকেই তাকে ‘সুপারমম’ বলে অভিহিত করেছেন। কেউ কেউ লিখেছেন, মাতৃত্বের সময়েও তিনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
এপ্রিল মাসে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শুরু হয়। পরে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সব জল্পনার অবসান ঘটান দীপিকা। ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। দুটি ‘ইভিল আই’ ইমোজিসহ ক্যাপশনের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমন নিশ্চিত করেন তিনি।
দীপিকা ও তার স্বামী রণবীর সিংয়ের এই ঘোষণার পর শুভেচ্ছায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। সহকর্মী অভিনেত্রী ভূমি পেডনেকারসহ অনেকেই অভিনন্দন জানান।
আরও পড়ুন: অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা
২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া। এখন পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।













































































































































































































































